Header Ads Widget

আপডেট

কুলাউড়ায় রেললাইনের ওপর আগুন, সরানোর পর চলল ট্রেন


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন রেলস্টেশনের কাছে টায়ারে আগুন ধরিয়ে রেললাইনের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে ট্রেন থামিয়ে চালক ও যাত্রীরা টায়ার সরান। এরপর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। ঘটনাটি ঘটে শনিবার রাত সোয়া নয়টার দিকে।

কুলাউড়া জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে তা ছকাপন রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর ফেলে রেখেছিল। রাত ৯টা ২০ মিনিটে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনে আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে চালকসহ যাত্রীরা নেমে আগুন লাগানো টায়ারটি রেললাইন থেকে সরিয়ে ফেলেন। এরপর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
রোমান আহমদ বলেন, কারা টায়ারে আগুন ধরিয়ে রেললাইনে রেখেছে তা জানা যায়নি।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, তাঁরা ঘটনাস্থলে যাওয়ার আগেই টায়ার সরিয়ে ফেলা হয়।এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সুত্র: প্রথম আলো