Header Ads Widget

আপডেট

সচিব থেকে সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন কুলাউড়া'র মোকাব্বির হোসেন


বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে সচিব থেকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মোকাব্বির হোসেন ১২ জুলাই ২০২২ তারিখ বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) পদে যোগদান করেন। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে যোগদানের আগে তিনি সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২৩ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ মোকাব্বির হোসেন সরকারের সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত হন এবং ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখ তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে যোগদান করেন।

ভূমি আপিল বোর্ডে যোগদানের আগে তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি যুগ্মসচিব হিসেবে জনপ্রশাসন, অর্থ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে এবং উপসচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ও বিএমইটি ও সিনিয়র সহকারী সচিব হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোকাব্বির হোসেন ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) দশম ব্যাচে যোগদান করেন। চাকরি জীবনে তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড এবং ভারতে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ নিয়েছেন।

মোকাব্বির হোসেন ১ জানুয়ারি ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তিনি ব্যক্তি জীবনে বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।