Header Ads Widget

আপডেট

সুলতান মনসুর ৫ দিনের রিমান্ডে

 


বিএনপির মহাসমাবেশে গত বছর ২৮ অক্টোবর যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর পল্টন থানার এ মামলায় গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নুর শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর তন্ময় কুমার বিশ্বাস ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিল না।

এর আগে সোমবার সকালে কানাডা থেকে ফিরে ঢাকায় নামলে তাকে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ১৯৫১ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, এরপর সিলেট এমসি কলেজে পড়াশোনা করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

আশির দশকে সারাদেশে ছাত্রলীগের নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন সাবেক এই ছাত্রনেতা। তিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের একমাত্র সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন।
পঁচাত্তরের কালো অধ্যায় বলে পরিচিত ১৯৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে যে কয়জন প্রতিবাদে সরব হন তাদের মধ্যে সুলতান মনসুর একজন।

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে পরিচিত থাকলেও ২০১৮ সালে তিনি ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।