Header Ads Widget

আপডেট

কুলাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে লক্ষ টাকা জরিমানা

 


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় নীতিমালার তোয়াক্কা না করে কৃষি জমির উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছেন ইটভাটা মালিকসহ বাসাবাড়ির মালিকরা। ফলে হাজার হাজার একর কৃষি জমি উর্বরতা হারাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে আলী আহমদ নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্র্যাম্যমান আদালত। ২৭ জানুয়ারি দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন। এসময় ওই এলাকায় মাটি কাটার সাথে জড়িত শ্রমিকরা এসিল্যান্ডের গাড়ি দেখে দৌড়ে পালায়। অভিযানে সহায়তা করেন কুলাউড়া থানা পুলিশের একটি দল।
দন্ডিত ব্যক্তি আলী আহমদ বলেন, রোকন আহমদ নামের এক ব্যক্তির মালিকানাধীন এক্সেভেটর মেশিন আমি চালাই। সেই গাড়ি দিয়ে কৃষি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও বাসাবাড়ির ভিটে ভরাটের জন্য সরবরাহ করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহরুল হোসেন বলেন, অভিযানকালে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ইতিমধ্যে অবৈধভাবে মাটি কাটার  বিভিন্ন অভিযানে ৬টি ট্রাক জব্দ ও হাজীপুরে এক ইটভাটা মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ বিধ্বংসী এমন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।