শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবের আনন্দ সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সর্বস্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কুলাউড়ায় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে চৈতালী সংঘ।
সংগঠনটির আয়োজনে ১৬ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় শহরের দক্ষিণবাজারস্থ চৈতালী পূজা মণ্ডপ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শতাধিক অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শারদীয় নতুন বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চৈতালী সংঘের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ শিবনাথ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সানজিদা আক্তার বলেন, উৎসবের আসল সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন আমরা সমাজের সব স্তরের মানুষকে বিশেষ করে পিছিয়ে পড়া ও অভাবী মানুষকে সাথে নিয়ে আনন্দের সহভাগী হতে পারি। চৈতালী সংঘ প্রতি বছরের মতো এবারও মানবসেবার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে এবং উৎসবকে সর্বজনীন রূপ দেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, সাবেক চা বাগান ব্যবস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র কিশোর দেব রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ডক্টর রজত কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক গৌরা দে, বিশিষ্ট ব্যাংকার প্রদীপ কান্ত দত্ত, চৈতালী সংঘের সভাপতি অরুন কুমার দে, মাগুরা মহাপ্রভু দেবালয়ের সাধারণ সম্পাদক তুষার কান্তি চৌধুরী এবং চৈতালী সংঘের সাধারণ সম্পাদক মিহির কান্তি ভট্টাচার্য।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত শতাধিক সুবিধাভোগীর হাতে শারদীয় উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেন। স্থানীয় সুশীল সমাজ চৈতালী সংঘের এই ব্যতিক্রমী মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেছেন।
